বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের অভিযোগে দুই রপ্তানিকারকের চালানে অনিয়ম পেয়েছে কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম। পৃথক দুটি অভিযানে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটিত হয়েছে।
কাস্টমস সূত্র জানায়, গত ১১ নভেম্বর সাভারের ইগল টেক্সটাইলসের একটি রপ্তানি চালান পরীক্ষা করা হয়। এতে ঘোষণার বাইরে নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ১৪ ধরনের ১ লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস পোশাক পাওয়া যায়। এ ঘটনায় বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের সঙ্গে সংশ্লিষ্ট রাজস্বের পরিমাণ ৮০ লাখ টাকার বেশি। এ ছাড়া প্রায় ৯ লাখ টাকার মূসক ফাঁকির তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২৮ অক্টোবর রিয়াজ নিটওয়্যার লিমিটেডের একটি চালান পরীক্ষা করে অনিয়ম শনাক্ত করা হয়। চালানে পুরুষদের পোলো শার্ট ঘোষণা করা হলেও পরীক্ষায় নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ৫০ ধরনের পোশাক পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির পরিমাণ ৭০ লাখ টাকার বেশি।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উভয় ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি ও মামলা দায়েরের কার্যক্রম চলছে। রাজস্ব সুরক্ষা এবং বন্ড সুবিধার অপব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

