তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
শুক্রবার চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকায় লাকি গার্মেন্টস সংলগ্ন মোড়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি।
জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি বলেন, চট্টগ্রাম মহানগর ও জেলায় ট্রাকসেলের মাধ্যমে এই চাল বিক্রি শুরু হয়েছে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত নির্ধারিত ট্রাকে চাল বিক্রি করা হবে। চালের মজুত থাকা সাপেক্ষে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
চাল কেনার ক্ষেত্রে শ্রমিকদের নিজ নিজ পোশাক কারখানার পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাতে হবে এবং সংশ্লিষ্ট কারখানার মাস্টাররোলে স্বাক্ষর দিতে হবে, যাতে প্রকৃত শ্রমিকরাই এই সুবিধা পান।
তিনি জানান, চট্টগ্রাম নগরের নির্ধারিত ১০টি কেন্দ্রে ট্রাকের মাধ্যমে চাল বিক্রি হচ্ছে। কেন্দ্রগুলো হলো- বালুছড়ার কুলগাঁও স্কুলের সামনে, অক্সিজেন রেলগেটের পাশে, দেওয়ানহাট সিঅ্যান্ডবি গেটের পাশে, কালুরঘাট বার্জার ফ্যাক্টরির মোড়ে, বাহির সিগন্যাল রেললাইনের উত্তর পাশে, বায়েজিদ রুবি গেটের সামনে, বাকলিয়ার চাক্তাই তুলাতুলীর মোড়ে, উত্তর কাট্টলীতে লাকি গার্মেন্টসের পাশে, সিইপিজেড মোড়ে টিসিবি কার্যালয়ের সামনে এবং কেইপিজেডের স্টিল মিল বাজার এলাকা।
খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিমও গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

