চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বহুমাত্রিক সাহিত্যব্যক্তিত্ব সুব্রত বড়ুয়া বলেছেন, লেখালেখি নিবিড় সাধনার বিষয়। অধ্যয়নের বিষয়। লেখালেখির জন্য সবচেয়ে বেশি দরকার পড়া। পড়া মানে জীবনকে পড়া, প্রকৃতিকে পড়া। পড়া ছাড়া লেখালেখিতে পূর্ণতা আসে না। লেখালেখিতে আনন্দও দরকার। আনন্দ না থাকলে লেখায় সফলতা আসে না। তিনি বলেন, আমি ঢাকায় না গেলে আমার এতো লেখালেখি হতো না। বাংলা একাডেমিতে কাজ করার সুবাধে আমার প্রচুর বই পড়ার সুযোগ হয়েছে। তাই সৃষ্টিশীল কাজ স্বাচ্ছন্দে করতে পেরেছি। তিনি আরও বলেন, কাজের স্বীকৃতি পেলে মানুষ খুশি হয়। আমিও আজ মমতাজ সবুর সাহিত্য সম্মাননা পেয়ে বেশ খুশি।
সুব্রত বড়ুয়া বলেন, আমি সব সময় শিক্ষকতা করতে চেয়েছি। কিন্তু নানা কারণে আমার শিক্ষকতা করা হয়নি। ১৯৭০ সালে শিক্ষকতা ছেড়ে ঢাকায় বাংলা একাডেমিতে যুক্ত হই। আমি ঢাকায় থাকলেও প্রতিদিনের চিন্তা, চেতনায় চট্টগ্রামকে ভুলতে পারি না। যখনই ডাক পড়ে চট্টগ্রামে ছুটে আসি।
সভাপতির বক্তব্যে ড. আনোয়ারা আলম বলেন, মমতাজ সবুর একজন মহীয়সী নারী ও সুসাহিত্যিক। নানা প্রতিবন্ধকতার মাঝে তৎকালে তিনি সাহিত্যে যে অবদান রেখেছেন তা মহামূল্যবান। চট্টগ্রাম একাডেমি তাঁর নামে এ পুরস্কার প্রবর্তন করে প্রতিবছর খ্যাতিমান ব্যক্তিত্বকে সম্মাননা দিয়ে আসছে।
আজ (২৭ নভেম্বর) শুক্রবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক, উত্তরীয়, নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।
একাডেমির পরিচালক সাহিত্যিক-গবেষক ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে ও একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি ও শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া, কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাহিত্যিক ওমর কায়সার, একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, সাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক শিশুসাহিত্যিক অরুণ শীল। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্বের জীবনী তুলে ধরেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু। ধন্যবাদ জ্ঞাপন করেন মমতাজ সবুরের জেষ্ঠপুত্র কর্পোরেট ব্যক্তিত্ব লায়ন এ এইচ এম কফিল উদ্দিন। সুব্রত বড়ুয়ার কবিতা আবৃত্তি করেন শিক্ষিকা সুপ্রিয়া বড়ুয়া।
কবি ও শিশুসাহিত্যিক সুজন বড়ুয়া অভিনন্দন জানিয়ে বলেন, সুব্রত বড়ুয়ার সাহিত্য অত্যন্ত ব্যঞ্জনাময়। তিনি সাহিত্যের নানা শাখায় প্রশংসনীয় কাজ করেছেন। বিশেষ করে বিজ্ঞান বিষয়ক লেখায় তাঁর সৃজনশীলতা অতুলনীয়। তিনি অনুবাদ সাহিত্যেও কাজ করেছেন। যে কোন বয়সের পাঠক তাঁর সেসব বইয়ের সহজলভ্য পাঠ করতে পারেন।
কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, মমতাজ সবুরের গল্পগুলো জীবনমুখী। তার ছোটগল্পের প্লট অসাধারণ। পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুব্রত বড়ুয়া একজন বড়মাপের সাহিত্যব্যক্তিত্ব। তার সহজপাঠ্য গল্পগুলো চিত্তাকর্ষক ও অসাধারণ।
কবি ওমর কায়সার বলেন, সাহিত্যিক সুব্রত বড়ুয়া কবিতা নিয়ে থাকলে হতে পারতেন এক অনন্য সৃজনশীল ব্যক্তিত্ব। কথাসাহিত্যিক মমতাজ সবুর প্রসঙ্গে তিনি বলেন, মমতাজ সবুর সেই সময়ে কবিতা চর্চা করতেন। হাজারো প্রতিকূলতা ও বৈরি সময়ে তিনি যে কবিতাগুলো লিখেছেন তা আমার কাছে এক পরম বিস্ময়।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাহিত্যব্যক্তিত্ব সুব্রত বড়ুয়াকে অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্ত, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, সুলতানা নুরজাহান রোজী, শারুদ নিজাম, জসিম উদ্দিন খান, ফারজানা রহমান শিমু, বাসুদেব খাস্তগীর প্রমুখ।
মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে সুব্রত বড়ুয়া
জীবন ও প্রকৃতিকে পড়াই লেখালেখির জন্য সবচেয়ে বেশি অপরিহার্য
অনলাইন ডেস্ক

