শুধু সরকারি সংস্থার উদ্যোগে একটি শহরকে নান্দনিক করা সম্ভব নয়, এ জন্য প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে বলে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, নান্দনিক চট্টগ্রাম গড়ার অর্থ শুধু সুন্দর রাস্তাঘাট কিংবা আধুনিক বিপণিবিতান নির্মাণ নয়, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে চলাচলের পরিবেশ তৈরি করা এবং নাগরিকদের মধ্যে আস্থা গড়ে তোলাও এর অংশ।
শনিবার চট্টগ্রাম নগরের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি।
জেলা প্রশাসক বলেন, উন্নত রাষ্ট্র গড়তে হলে নাগরিকদের চিন্তাভাবনা, আচরণ ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। পরিচ্ছন্নতা ও সড়কে চলাচলের ক্ষেত্রেও দায়িত্বশীল হতে হবে। শুধু আইন প্রয়োগ কিংবা জরিমানা করে এ পরিবর্তন সম্ভব নয়। মানুষের মধ্যে নিজস্ব দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করতে হবে।
চট্টগ্রামকে নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, গত জুলাই থেকে সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক নেতাদের নিয়ে জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। গত ২৭ জুলাই প্রায় ছয় হাজার সরকারি কর্মচারীর অংশগ্রহণে বিভিন্ন সরকারি দপ্তর, প্রাঙ্গণ ও ছাদ থেকে ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, লাইসেন্সবিহীন কাউকে গাড়ি চালাতে দেওয়া যাবে না। শারীরিক বা মানসিকভাবে অসুস্থ চালকের হাতেও গাড়ি তুলে দেওয়া যাবে না। চালক আগের রাতে পর্যাপ্ত ঘুমিয়েছেন কি না, তাঁর কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না, সেসব বিষয়ও মালিকদের খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী টার্মিনালের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, বিআরটিএর সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মুসলিম হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জাফর আহমদসহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতা ও সাধারণ শ্রমিকেরা কর্মসূচিতে অংশ নেন।

