চট্টগ্রামের চান্দগাঁওয়ে অন্নকূট অনুষ্ঠানের ভিড়ে পূজারি বেশে মন্দিরে ঢুকে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পূজারির বেশে দুজন চুরির উদ্দেশে মন্দিরে প্রবেশ করেছিলেন। তাদের একজন ধর্মীয় পরিচয় আড়াল করতে হাতে শাখা ও কপালে সিঁদুরও পরেন।
শনিবার চান্দগাঁও থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, গতকাল শুক্রবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার মধ্যম মোহরার ছাফা মোতালেব কলেজ রোডে শ্রীশ্রী রাধাগোবিন্দ ইসকন মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে তাদের শনাক্ত করে চুরি যাওয়া দুটি স্বণের চেইন দু’টি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন আনোয়ারা বেগম (২৫) ও আছিয়া বেগম (২২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।
পুলিশ জানায়, মন্দিরটিতে অন্নকূট উৎসবে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশুর সমাগম হলে প্রবেশপথে ব্যাপক ভিড় তৈরি হয়। দুপুর ১টার দিকে প্রবেশপথের ভিড় ঠেলে মন্দিরে ঢুকছিলেন রাসনা দাশ ও ঝুমকি দাশ নামের দুই নারী। মন্দিরে ঢোকার পর তারা বুঝতে পারেন, তাদের গলা থেকে স্বর্ণের দুটি চেইন চুরি হয়ে গেছে। এ
কটি ছয় আনা এবং অন্যটি সাড়ে ছয় আনা ওজনের।
ওসি ইখতিয়ার উদ্দিন বললেন, ‘চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর বিকেলে মন্দির কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আনোয়ারা ও আছিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শনাক্ত করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। তখন অবশ্য তারা দুজন মন্দির থেকে বের হননি। একপর্যায়ে তাদের কাছে স্বর্ণের চেইন দুটি পাওয়া যায়।
আনোয়ারা বেগমের বিরুদ্ধে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় এবং আছিয়া বেগমের বিরুদ্ধে গাজীপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়ি থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানালেন ওসি। এ ঘটনায় ভুক্তভোগী রাসনা দাশ তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

