চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কে বা কারা বক্সটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে জানালা বন্ধ থাকায় আগুন বক্সের ভেতরে ছড়াতে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রাত ১টার দিকে কয়েকজন ব্যক্তি এসে ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পরে তাঁরা আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ বক্সের পাশের একটি টংদোকানে চা বিক্রি করেন মুহাম্মদ হারুন। চা বিক্রির পাশাপাশি তিনি পুলিশ বক্সটির পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও করেন। তিনি দৈনিক আজাদীকে বলেন, রাতে তাঁরা সেখানে থাকেন না। রাতে কে বা কারা পুলিশ বক্সে আগুন দিয়েছে, সকালে খবর পেয়ে এসে তিনি বক্সটির এ অবস্থা দেখতে পান।
বক্সের সার্জেন্ট সাখাওয়াত হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে প্রথমে মনে হয়েছিল বক্সটির সবকিছু পুড়ে গেছে। তবে জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

