জেলার বিভিন্ন থানায় হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে- হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ উদ্যোগ নেন পুলিশ সুপার মো. মাসুদ আলম। জেলার ১৭টি থানায় করা মোবাইল হারানোর জিডিগুলো পর্যালোচনা করে ডিবি। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়েন্দা তৎপরতা চালিয়ে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার। এ সময় ফোন ফিরে পেয়ে মালিকেরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

