ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আহমেদ শাহীন আলরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য ও মোটিভেশনাল আলোচক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ও আন্তর্জাতিক স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন রেক্টর ও চিফ কো-অর্ডিনেটর (শিক্ষা) লে. কর্নেল মুহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী (অব.)।
মুখ্য আলোচক তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর সকল ধর্মের সকল শীর্ষ ধর্মীয় নেতারা হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও অনুসরণীয় একমাত্র আদর্শ হিসেবে একবাক্যে স্বীকৃতি দিয়েছেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথিদের কোমলমতি শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ। শ্রেষ্ঠ প্রতিযোগীদের উপস্থাপনায় কেরাত, নাত ও বক্তৃতার পর মুখ্য আলোচকের সংক্ষিপ্ত বায়োডাটা পাঠ করে শোনান অনুষ্ঠান কো-আহ্বায়ক হেড মাওলানা মুফতি আতাউল্লাহ বাহারী।
সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদের নির্দেশনায় বিভিন্ন হাদিসের শৈল্পিক উপস্থাপনার মাধ্যমে অডিটোরিয়ামটি দৃষ্টিনন্দন হয়ে ওঠে। অনুষ্ঠানে সহকারী শিক্ষক মুশফিক ইলাহী ও আরিফুল ইসলামের তত্ত্বাবধানে নির্বাচিত শিক্ষার্থীরা গজল পরিবেশন করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হাফেজ জিল্লুর রহমান। অনুষ্ঠান শেষে সহকারী অধ্যাপক আরিফুর রহমানের ব্যবস্থাপনায় সুস্বাদু তবারক উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে এম এম ইস্পাহানি লিমিটেড পরিচালিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

