জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে জেলার সাপছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীন চাকমা, ইউপি সদস্য রিটন বড়ুয়া, মাবিকছড়ি বাজার সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম সগির, সাপছড়ি যুবদল সভাপতি আব্দুল বাছা, সমাজ কমিটির সদস্য মো. জাহাঙ্গীর প্রমুখ।
মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধনী বক্তব্যে সদর জোন কমান্ডার লে. কর্নেল একরামুল রাহাত বলেন, পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি এ অঞ্চলে শান্তি ও সম্প্রীতির ধারা বজায় রাখাসহ স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকেই কাজ করে আসছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত যেসব মানুষ দূরত্বের কারণে সহজে উন্নত চিকিৎসাসেবা পান না, তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম মূল লক্ষ্য। সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মেডিকেল ক্যাম্পেইনে এলাকার পাহাড়ি-বাঙালিসহ দুই শতাধিক অসহায় দুস্থ নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়।
সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

