স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোনের উদ্যোগে পরিচালিত দুই দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুরাছড়ি উপজেলা হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলার যক্ষাবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম আল হোসাইন।
এ সময় জুরাছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রেজওয়ানুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য সরবরাহ, সঠিক পরিচর্যা, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা, টিকাদান, পশু মোটাতাজাকরণ এবং খামার ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্বল্প পুঁজি ও সীমিত পরিসরে পশুপাখি পালনের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।
গত ১৮ নভেম্বর শুরু হওয়া দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার মোট ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

