নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নগরের সদরঘাট থানার ৩০ নম্বর ওয়ার্ডের পূর্ব মাদারবাড়ি দারোগারহাট সড়কে ইলিয়াস মাঝির বাড়ির একটি ভাড়া নেওয়া গুদামে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট মজুত ও বিক্রি করা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে র্যাব-৭ ওই গুদামে অভিযান চালায়। অভিযানে বেলাল হোসেনকে আটক করা হয়। তিনি নগরীর চকবাজার থানা এলাকার মৃত মুছা মিয়ার ছেলে।
অভিযানকালে গুদাম তল্লাশি করে ২ হাজার ৮৫০ কার্টন ওরিস ব্র্যান্ডের এবং ৬৪০ কার্টন প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়। প্রতিটি কার্টনে ১০ প্যাকেট হিসেবে মোট ৩৪ হাজার ৯০০ প্যাকেট বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি এবং জব্দ করা বিদেশি সিগারেটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

