বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বন্দর টার্মিনাল অপারেটর প্রতিষ্ঠান কিউটার্মিনালস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্কো নিলসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল গতকাল সোমবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে। সফরকালে প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে।
বৈঠকে বন্দর চেয়ারম্যান চট্টগ্রাম বন্দরের ঐতিহ্য, দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যে এর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং জাতীয় অর্থনীতিতে বন্দরের অবদান তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী আন্তর্জাতিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় বন্দরের পরিচালন সক্ষমতা বাড়ানো হচ্ছে। কন্টেনার জট কমানো, জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম হ্রাস এবং বড় আকারের আধুনিক কন্টেনার জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলার কাজ চলছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরকে একটি আঞ্চলিক সামুদ্রিক কেন্দ্র (মেরিটাইম হাব) ও আন্তর্জাতিক ট্রানজিট পয়েন্টে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্বমানের বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তিগত অংশীদারদের স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত।
কিউটার্মিনালসের প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দরের কৌশলগত ভৌগোলিক অবস্থান, ব্যবস্থাপনা এবং সামপ্রতিক বছরগুলোর অগ্রগতির প্রশংসা করেন। তারা জানান, বিশ্বব্যাপী বন্দর পরিচালনা ও সামুদ্রিক সরবরাহ ব্যবস্থাপনায় (মেরিটাইম লজিস্টিকস) কিউটার্মিনালসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়া এবং ভবিষ্যতে সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে প্রতিষ্ঠানটি আগ্রহী।
বৈঠক শেষে প্রতিনিধিদলটি বন্দরের প্রধান জেটি, ইয়ার্ড এবং বিভিন্ন পরিচালন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে। তারা বন্দরের পোর্ট কমিউনিটি সিস্টেম, সিপিএ স্কাই, নিরাপত্তা ব্যবস্থা এবং ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমের প্রশংসা করেন।
উভয় পক্ষ ভবিষ্যতে কারিগরি মূল্যায়ন, তথ্য বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্র আরও সমপ্রসারণে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে।

