রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ও মদুনাঘাট তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। সোমবার (৮ডিসেম্বর) রাত ৮টায় জেলা পুলিশের প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়, দায়িত্ব নেওয়ার পর গতকাল প্রথমবারের মত রাউজান থানা পরিদর্শনকালে তিনি থানার বারাক, অস্ত্রাগার, ডাইনিং, হাজতখানা, মালখানা এবং ক্যাম্প ও তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করতে হবে। অস্ত্রধারী কোনো সন্ত্রাসী রাউজানে থাকতে পারবে না। এ ছাড়া সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি । গোয়েন্দা নজরদারি বাড়ানো, বিশেষ অভিযান পরিচালনা, চেকপোস্ট কার্যক্রম শক্তিশালী করা এবং অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, নিয়মিত টহল বাড়ানো ও আকস্মিক চেকপোস্ট পরিচালনা করলে অপরাধের সুযোগ কমে যায়। প্রতিটি বিটে সদস্যদের আরও সক্রিয় থাকতে হবে। পরিদর্শনের সময় তিনি ফোর্স সদস্যদের সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ফোর্সের মনোবলই সাফল্যের মূল ভিত্তি। আপনাদের সততা ও নিবেদন জেলার আইনশৃঙ্খলা অবস্থাকে আরও শক্তিশালী করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার উপস্থিত অফিসারদের বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, নির্বাচনকালে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আইন ও নীতিমালা মেনে দায়িত্ব পালন করতে হবে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি, টহল বৃদ্ধি ও তথ্য সংগ্রহ জোরদারের নির্দেশনা দেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার রাউজান থানা, নোয়াপাড়া পুলিশ ক্যাম্প ও মদুনাঘাট তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দলগতভাবে কাজ করার আহ্বান জানান।
