চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ বসতঘর থেকে মোহাম্মদ আজাদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৬ নভেম্বর,বুধবার উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফারুকনগরে নিজবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক সন্দীপ উপজেলার ৮ নম্বর হরিশপুর ইউনিয়নের মৃত আকবর হোসেনের পুত্র। সে দাঁতমারা ইউনিয়নের ফারুক নগরের বাসিন্দা সোহরাব ভূঁইয়ার কন্যা আইরিন সুলতানাকে বিয়ে করে ৫ বছর যাবত ওই এলাকায় বসবাস করে আসছিলেন।
জানা যায়, আজাদ চট্টগ্রামে জাহাজে শ্রমিকের কাজ করতেন। ছুটি শেষে গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) কর্মস্থলে যাওয়ার পথে সে ছিনতাইয়ের কবলে পড়লে কর্মস্থলে না গিয়ে বাড়ি ফিরে আসেন। রাতে আজাদ আলাদা রুমে গিয়ে বসতঘরের সিলিং-এর সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে ধারনা করা হচ্ছে। নিহতের মা ফিরোজা বেগম বলেন,আমরা ‘খবর পেয়ে ছুটে এসে দেখি ছেলের মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। আত্মহত্যা না হত্যা জানিনা। পুলিশ যেন তদন্তে মাধ্যমে প্রকৃত রহস্য বের করে।
ভূজপুর থানার এসআই বজলুর রশিদ বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বসতঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে মরদেহের গলায় রশির দাঁগ পাওয়া গেছে পরে তদন্ত সাপেক্ষ বিস্তারিত বলা যাবে।
