চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলমান অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন ফয়সাল হাবিব ও সন্দ্বীপ সচেতন নাগরিক সমাজ। বক্তারা অভিযোগ করেন, গাছুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট চরমে পৌঁছেছে। যারা আছেন, তারাও নিয়মিত ডিউটিতে থাকেন না। ফলে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাসপাতালের প্যাথলজি বিভাগের যন্ত্রপাতি এখনও বাক্সবন্দি, চালু হয়নি।
তারা আরও জানান, হাসপাতালে প্রয়োজনীয় ঔষধের তীব্র সংকট রয়েছে। রোগীরা চিকিৎসা নিতে এলেই বলা হয় “আমাদের এখানে সম্ভব নয়, চট্টগ্রামে যান।” ফলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলছেন, “এটি এখন আর স্বাস্থ্য কমপ্লেক্স নয়, বরং রোগী ট্রান্সফার কমপ্লেক্সে পরিণত হয়েছে।” এছাড়া হাসপাতালের সর্বত্র ময়লা-আবর্জনার স্তূপ, টয়লেটে পানি নেই, খাওয়ার পানিরও তীব্র সংকট— সব মিলিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সাধারণ মানুষ ও রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব অনিয়ম ও অব্যবস্থাপনার দ্রুত সমাধান এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে আয়োজকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন। আয়োজক ফয়সাল হাবিব বলেন, “সন্দ্বীপের মানুষের ন্যায্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত উদ্যোগ দরকার। এখানে স্বাস্থ্যসেবার পরিবর্তে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে।” প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সংগঠন, যুবসমাজ, সমাজকর্মী ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন|
