হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র ৩৭তম পবিত্র ওরশ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে ফটিকছড়ি প্রতিনিধি বিশ্বসমাদৃত মাইজভাণ্ডারী ত্বরিকা’র উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)-এর ৩৭তম বার্ষিক ওরশ শরিফ আগামীকাল ১১ অক্টোবর, শনিবার চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র “গাউসিয়া হক মনজিল” -এ মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার বাদ ফজর রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয। পরবর্তী খতমে কোরআন, গাউছিয়া খতম,বিশ্বঅলি-র জীবনী নিয়ে আলোচনা,জিকির-আসকার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রাতে কেন্দ্রীয় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সদারত করবেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারী-র প্রপৌত্র গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ্সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। এদিকে কয়েদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশেক ভক্ত আসছে। মুখরিত হয়ে উঠেছে মাইজভাণ্ডার দরবার শরীফ। ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও মনজিল কর্তৃপক্ষ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। দেশ–বিদেশ হতে আগত আশেক–ভক্ত ও জায়েরীনদের জন্য করা হয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। যানবাহন নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন হয়েছে সিসি ক্যামেরা, দায়িত্ব পালন করছে অন্ততঃ সহস্রাধিক স্বেচ্ছাসেবক ।
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৭তম পবিত্র ওরস উপলক্ষে ৮দিন ব্যাপী কর্মসূচী পালিত হচ্ছে। কর্মসুচীগুলো হলো, ৪ অক্টোবর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের শাখা কমিটির ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকায় মসজিদে বাদ জুমা কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন। ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও ‘ভিউ উদয়ন’ ভবনে পবিত্র কোরআন ও হাদীসের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার। ৬ অক্টোবর ট্রাস্ট নিয়ন্ত্রাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-র জীবনী নিয়ে আলোচনা ও র্যালী অনুষ্ঠিত । ৭ অক্টোবর বাদ এশা গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারী’র খলিফাগণের আওলাদদের সঙ্গে মতবিনিময় সভা । ৮ অক্টোবর শাহানশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অধীন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন । ৯ অক্টোবর শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা বিষয়ক আলোচনা। ১০ অক্টোবর ফটিকছড়ি উপজেলায় রেজিস্টার্ড এতিমখানায় এক বেলা খাবার সরবরাহ। ১১ অক্টোবর উপদেশমূলক প্রচার-প্রচারণা, বিশুদ্ধ পানি ও অস্থায়ী টয়লেটের ব্যবস্থা এবং ১২ অক্টোবর পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচী পালন করা হবে। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ১০ পৌষ ১৩৩৫ বঙ্গাব্দ, ২৫ ডিসেম্বর ১৯২৮ সাল, ১২ রজব ১৩৪৭ হিজরী মাইজভান্ডার দরবার শরীফ নামক স্থানে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ দেলাওয়ার হোসাইন ও মাতার নাম সৈয়দা সাজেদা খাতুন। তিনি ২৬ আশ্বিন ১৩৯৫ বঙ্গাব্দ, ১৩ অক্টোবর ১৯৮৮ খ্রিষ্টাব্দ, ১৪০৯ হিজরী সনের পহেলা রবিউল আউয়ালের রাতে ইন্তেকাল করেন।
