ওমানের মাস্কাটে নির্মাণাধীন দেওয়াল ধ্বসে মোহাম্মদ আইয়ুব আলীর (৫৫) নামের চট্টগ্রামের ফটিকছড়ির এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের সয়ম ১১ টার দিকে ওমানের মাস্কাটের মুবেলা আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আইয়ুব আলী চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গ্রামের সৈয়দ আহাম্মদ হাজীর বাড়ির মোহাম্মদ রমজান আলীর পুত্র। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক। তিনি দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী ছিলেন।জানা যায়, ওমানে ঠিকাদারের কাজ করতেন আইয়ুব। ৭ জন কর্মী নিয়ে দেওয়ালটি নির্মাণ করতে গিয়েছিলেন তিনি। নিজেও কাজ করতেন। তাঁর বড় ছেলে মোহাম্মদ তারেক ও চাচাত ভাই মোহাম্মদ জাফর সাথে ছিলেন। কাজের মধ্যে হঠাৎ দেওয়ালটি ধ্বসে পড়ে। অন্যান্য লোকজন সরে যেতে পারলেও আইয়ুব দেওয়ালে চাপা পড়েন। পরে অন্য ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। কিন্তু এরমধ্যে মৃত্যু হয় তাঁর।
নিহত আইয়ুব আলীর ছোট ভাই মোহাম্মদ লিয়াকত আলী বলেন, একটি নির্মাণাধীন দেওয়াল ধ্বসে মোহাম্মদ আইয়ুব আলী নিহত হয়েছে। কয়েকজন শ্রমিক নিয়ে তিনি ওই দেওয়াল নির্মাণের কাজ করছিলেন। এসময় দেওয়ালটি ধ্বসে পড়ে। এতে আমার ভাই আইয়ুব চাপা পড়েন। পরে অন্যরা এগিয়ে এসে লাশ উদ্ধার করেছেন। ওমান থেকে লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে শনিবার দুপুরের দিকে খবরটি গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারে মধ্যে শোকে মাতম শুরু হয়। আত্মীয়স্বজনরা গ্রামের বাড়িতে ছুটে আসতে থাকেন।
