সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৮ জনকে আটক করেছে প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক এর নেতৃত্বে সঙ্গীয় আনসার বাহিনী নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রায় ৩০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী আটককৃতদের মধ্যে ৭ জনকে ৫০০০ টাকা করে মোট ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়। অপর ১ জন অভিযুক্ত অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা ৩০০০ মিটার নিষিদ্ধ জাল, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, প্রাকৃতিক মাছের প্রজনন ও হাওরের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
