নগরীর কোতোয়ালী থানাধীন হাজারী গলি থেকে ১৭০ কার্টন নকল ওরস্যালাইন-এন জব্দ করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় হাজারী গলিতে সুজন শিকদার নামের এক ব্যক্তি এসব ওরাল রিহাইড্রেশন সল্ট (ওআরএস) ব্যবসায়ীদের সাপ্লাই দিতে আসলে চট্টগ্রাম ওষুধ বিক্রেতা সমিতির লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম বলেন, চট্টগ্রাম ওষুধ বিক্রেতা সমিতির লোকজনের সহায়তায় হাজারী গলি থেকে ১৭০ কার্টন নকল ওরস্যালাইন-এন জব্দ করা হয়েছে। আমরা ওরস্যালাইন-এন বিক্রেতা প্রতিষ্ঠান এসএমসি’র কর্মকর্তাদের ডেকেছি তদন্ত করতে। বাকিটা তাদের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে। নকল হলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে।
আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহুর লাল হাজারী বলেন, ওরস্যালাইন-এন বিক্রেতা প্রতিষ্ঠান এসএমসি’র কর্মকর্তারা হাজারী গলির ওষুধ ব্যবসায়ীদের আগে থেকে জানিয়ে রেখেছিলেন যে, তাদের এসএমসি’র ওরস্যালাইন-এন এর মতো অবিকল মোড়কে নকল ওরস্যালাইন-এন তাদের মার্কেট নষ্ট করছে। এসব ওরস্যালাইন আটকের পর তাদের ডাকা হয়েছে।
ব্যবসায়ীরা বলেছেন, যদি এসএমসি’র লোকজন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয় তাহলে তারা আর এসএমসি’র ওরস্যালাইন বিক্রি করবে না।

