আগামী মঙ্গলবার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। এদিন চট্টগ্রাম নগরের ঈদের প্রধান জামাত জমিয়াতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ এবং ঈদগাহে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মহানগরের ঈদ জামাতসমূহের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চার স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদ জামাতের নিরাপত্তা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ এবং নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপির উপ কমিশনার (এসবি) মনজুর মোরশেদ।
গৃহীত পদক্ষেপ ও নির্দেশনার মধ্যে রয়েছে-
১. ঈদ জামাতের নিরাপত্তা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম মহানগরীর ঈদ জামাতে জায়নামাজ ও ছাতা ব্যতীত অন্য কিছু বহন না করতে সম্মানিত মুসল্লীদের উৎসাহিত করা হয়েছে।
২. পোশাকধারী পুলিশের পাশাপাশি ডিবি টিম, সাদা পোশাকে পুলিশসহ সোয়াট টিম মোতায়েন করা হবে।
৩. গুরুত্বপূর্ণ মসজিদ এবং ঈদগাহসমূহ সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক এবং নিবিড় মনিটরিংয়ের আওতায় থাকবে।
৪. ঈদ জামাত উপলক্ষে সিএমপির প্রধান কন্ট্রোল রুম ছাড়াও জমিয়তুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী কন্ট্রোল রুম ঈদ জামাতের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে দেখভাল করবে।
৫. চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ মসজিদ এবং ঈদগাহসমূহে আর্চওয়ে গেইট এবং হ্যান্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশির মাধ্যমে মুসল্লীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে।

