অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ মডেল থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এবার সাক্ষ্য দিয়েছেন গণপূর্তের চার প্রকৌশলী।
বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদের আদালতে এ সাক্ষ্যগ্রহণ করা হয়। ।
মামলায় দুদকের আইনজীবী মাহমুদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ নিয়ে দুদকের করা এ মামলায় ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। আগামী ১১ মে সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৩ আগস্ট দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ে করেন। মামলায় প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এরমধ্যে তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকা ‘ওসি প্রদীপ’ ঘুস-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন।
এছাড়া আরও ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদের তথ্য দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে গোপন করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত বছরের ২৬ জুলাই মো. রিয়াজ উদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। গত বছরের ১ সেপ্টেম্বর অভিযোগপত্রের ওপর শুনানি হয়।
এর আগে গত বছরের ২৯ জুন দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত প্রদীপ কুমার দাশের অবৈধ সম্পদ দেখভালের দায়িত্ব কক্সবাজার ও চট্টগ্রাম জেলা প্রশাসককে দেন। এর আগে ওই বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করে আদালত।

