চট্টগ্রামের বায়েজিদ থানাধীন এলাকা থেকে ‘টেনশন গ্রুপ’ এবং ছিনতাই চক্রের ৯ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭। সোমবার রাত ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বায়েজিদ থানাধীন ওবায়দুল হকের ছেলে মো. রুবেল (২১), ভোলার লালমোহন থানার কুঞ্জেরহাট এলাকার মো. রোস্তমের ছেলে মো. শাকিল (২১), বরিশাল জেলার পাতারহাটের মেহেন্দিগঞ্জের নাসির গাজীর ছেলে মো. সাজিব (১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাশারু গ্রামের মৃত মো. হাবিবের ছেলে মো. হৃদয় (২০), বাঁশখালীর কোটপাড়া থানার মো. দলিলুর রহমানের ছেলে মো. হাবিবুর রহমান (২৪), বায়েজিদ থানার বার্মা কলোনি পূর্বপাড়ার খোরশেদ আলমের ছেলে মো. সালাহ্উদ্দিন (১৯), আমিন কলোনির মো. কুদ্দুসের ছেলে মো. ওমর হাসান (১৯), বায়েজিদের বাস্তুহারা এলাকার মৃত মো. সুলতানের ছেলে মো. সাগর (১৯) ও একই এলাকার আবদুল গফুরের ছেলে মো. সাঈদ আলম (১৯)।
র্যাব জানায়, দেশীয় অস্ত্র নিয়ে বায়েজিদে ডাকাতি করার উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে চারটি চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেপ্তারকৃতরা নগরীর টেনশন গ্রুপের সক্রিয় সদস্য। তারা বায়েজিদ থানা এলাকাসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতি ও ছিনতাই করে আসছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

