আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় শোভাযাত্রায় নগরের আলমাস মোড় এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে জনস্রোত সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পৌনে তিনটায় শোভাযাত্রা শুরুর আগে অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
প্রতিকূল আবহাওয়ার কারণে গত রোববার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শোভাযাত্রাটি পিছিয়ে আজকের দিনে আয়োজন করা হয়।
ওয়াসা মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদিঘী মাঠে গিয়ে শেষ হবে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও বিভাগের অন্যান্য জেলা, উপজেলা ও পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নিচ্ছেন।
মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ আরও অনেকে।

