চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে।
আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, দুপুরে রাসমণি ঘাট এলাকায় জেলেদের বসবাসের ছোট ছোট ঝুপড়িঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঘর পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

