চট্টগ্রাম নগরীর বন্দর থানারা ধুপপোল এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মো. মুসলিম উদ্দিন (৪৮)।
স্থানীয় ব্যক্তিরা জানান, ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকার একটি দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিলেন দুই যুবক। । মুসলিম এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে মুসলিমকে ছুরিকাঘাত করা হয়।
পুলিশ জানিয়েছে, মুসলিম উদ্দিনের কোমরের ওপরে বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর স্ক্র্যাপ লোহার দোকান রয়েছে। দোকানটি নিয়ে কয়েকজনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব রয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।
বন্দর–থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, লাশ দাফনের পর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। তবে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

