চট্টগ্রামের কোতোয়ালী থানার লালখান বাজার ইস্পাহানি মোড়ে কংক্রিটবাহী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র্যাব। রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে রোববার রাতে চালক আলী হোসেনকে আটক করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) র্যাব-৭ বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে নামার পথে ম্যাক্স কনস্ট্রাকশন কোম্পানির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইঞ্জিনিয়ার ইকবাল উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাক চালককে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ট্রাকচালক আলী হোসেন (৪৯) মাগুরার ইলিয়াস হোসেনের ছেলে।
গত বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানার ইস্পাহানি মোড়ে কংক্রিটবাহী ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হন। নিহতরা হলেন- মো. ইকবাল উদ্দিন চৌধুরী (৪৭) ও তার স্ত্রী সখিনা ফাতেমী (৩৫)।
নিহত ইকবাল হোসেন চৌধুরী জ্যাক মেশিনারি কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার ও তার স্ত্রী সখিনা ফাতিমা নগরীর মোস্তফা-হাকিম স্কুলের সিনিয়র শিক্ষিকা।
এ ঘটনায় নিহত ইকবাল হোসেন চৌধুরীর ভাই চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক তসলিম চৌধুরী বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করে।

