চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১২০ জন, পূর্ববর্তী মামলায় ৮১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৮ জন, বিভিন্ন পরোয়ানামূলে ১৫০ জন এবং সাজা পরোয়ানামূলে ১৫ জন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় ৭৮ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৬২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তাার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৭ হাজার ৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
অভিযানে ২৩ হাজার ৯৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৩ কেজি ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে কুমিল্লা জেলায় ২০ জন, ফেনীতে চার জন, ব্রাহ্মণবাড়িয়ায় তিন জন, চাঁদপুরে দুই জন এবং চট্টগ্রামে এক জন রয়েছেন।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৬৩৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪০৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২২৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলাভিত্তিক আটককৃতদের মধ্যে কুমিল্লায় ২৮২ জন, চট্টগ্রামে ৯২ জন, লক্ষ্মীপুরে ৫৭ জন, নোয়াখালীতে ৫৫ জন, চাঁদপুরে ৪৪ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩ জন, কক্সবাজারে ২৬ জন, ফেনীতে ১৯ জন, রাঙ্গামাটিতে ১৪ জন, খাগড়াছড়িতে সাত জন এবং বান্দরবানে চার জন রয়েছেন।
জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

