চট্টগ্রাম নগরের ফিরিঙ্গীবাজার এলাকার একটি বাড়ি থেকে জানালার গ্রিল ভেঙে এক দম্পত্তির ৩টি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা চুরি করে চোর চক্রের সদস্যরা। বিভিন্ন কৌশলে মানুষের বাসা বাড়িতে চুরি করে, পরবর্তীতে চোরাইকৃত মালামাল বেচাকেনা করতো তারা। তবে ওই দম্পত্তির ঘর থেকে মোবাইল-টাকা চুরি করে শেষ রক্ষা হয়নি; ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রের তিন সদস্যই ধরা পড়েছে পুলিশের জালে।
বুধবার ভোরে নগরের বাকলিয়া থানার বেড়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরিকৃত ৩টি মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকাসহ চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
গ্রেফতার তিন চোর হলেন- মো. সাজ্জাদ হোসেন (১৯), মো. রুবেল (২৮) ও মো. বাচ্চু (৩০)। তিনজনেই নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা।
কোতোয়ালী থানার এসআই মো. মোমিনুল হাসান জানান, গত ১৫ মার্চ ফিরিঙ্গীবাজার মসজিদ গলির সামশুল হকের বাড়ির জানালার গ্রিল ভেঙে এক দম্পতির ৩টি মোবাইল ও নগদ ২৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা আসামিরা। পরে এ ঘটনায় ভুক্তভোগীরা কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত করতে গিয়ে জানা যায়, চোর চক্রের সদস্যরা বাকলিয়ায় অবস্থান করছে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরিকৃত তিনটি মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকাসহ চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

