ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রতিবন্ধী সংগঠনগুলো। বুধবার চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড় মোড়ে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন (ডিপিও)-এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কৃষ্টি- প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র ও বি-স্ক্যান এর সভাপতি সাবরিনা সুলতানা।
কৃষ্টির সাধারণ সম্পাদক তাসনিন সুলতানা নীলার সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংগঠনগুলোর নেতারা বক্তব্য রাখেন। সমাবেশের শুরুতে লিখিত বক্তব্য ও ৭ দফা দাবি উত্থাপন করা হয়। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নিবন্ধিত প্রতিবন্ধী মানুষের সংখ্যা ২৫ লাখ ১৪ হাজার ৯৯০ জন হলেও ২০২১-২০২২ অর্থবছরে মোট ২০ লাখ ৮ হাজার মানুষ মাসে ৭৫০ টাকা করে ভাতা পাচ্ছে। সরকারের বিভিন্ন পরিকল্পনায় ভাতা বৃদ্ধির কথা উল্লেখ থাকলেও গত চার বছরে ভাতা বৃদ্ধি করা হয়নি। আগামী বাজেটেই প্রতিবন্ধী মানুষদের ভাতা ন্যুনতম দুই হাজার টাকা করতে হবে।
অন্যান্য দাবিগুলোর বিষয়ে নেতারা বলেন, অবিলম্বে প্রধানমন্ত্রী প্রতিশ্রæত প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন করতে হবে। ২০২২-২৩ জাতীয় বাজেটে বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহে ১০ শতাংশ প্রতিবন্ধী মানুষকে নিয়োগে ৫ শতাংশ কর ছাড়ের নিয়মটি সংশোধন করে আনুপাতিক হারে ৫-৩ শতাংশ প্রতিবন্ধী কর্মী নিয়োগ দিলে ৩-১ শতাংশ কর ছাড়ের বিধান করতে হবে। সরকারি-বেসরকারি সকল সেবার তথ্য ভান্ডারে প্রতিবন্ধিতা বিভাজিত তথ্য চাই।
অবিলম্বে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়ন করতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ দিতে হবে।
এ বিষয়ে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠন কৃষ্টি’র সভাপতি সাবরিনা সুলতানা বলেন, ‘সমাজের পিছিয়ে পড়াদের চেয়েও খারাপ অবস্থায় আছি আমরা। আমাদের মাসিক ভাতা খুবই কম। যা দিয়ে বর্তমানে একজন মানুষ কিছুতেই চলতে পারে না। আমাদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম হওয়া চাই। সকল প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য জন্য সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রচলন করা হোক। প্রতিবন্ধীদের জন্য কোন আলাদা গণপরিবহন নেই। সুরক্ষা ব্যবস্থা নেই। আগামীকাল আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করব।’
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া সংগঠনগুলো হলো- ঢাকা থেকে পিএনএসসি, এনসিডিডব্লিউ, এনজিডিও, ডাব্লিউডিডিএফ, ডিসিএফ, ভিপস, এসডিএসএল, বিএসডব্লিউএফডি, চট্টগ্রাম থেকে কৃষ্টি, সিডিডিএস, সিডিপিসিএ, এইউডিসি, ডিডিআরসি, সিপিডিএস-চাঁন্দগাও, সিপিডিএস-চন্দনাইশ, সিডিপিও এ, র্যাড, পিডিডিএস, রাজশাহী থেকে কেপিইউএস, খুলনা থেকে কেএমইউপিএস, এসএনইউএস, সিলেট থেকে সিবিডিসিপিও, রংপুর থেকে কেপিকেএস ও রাজবাড়ি থেকে আরপিইউপি।

