মাহে রমজান উপলক্ষে রমজানে ট্রাফিক পুলিশের সদস্যরা বিনামূল্যে প্রতিদিন ইফতার পাবেন। আর এ ইফতারের ব্যবস্থা করেছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এছাড়াও রমজানের ঈদে কেনাকাটা আর যাত্রীদের চাপ থাকায় তিন শিফটে ডিউটি করবেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
শনিবার (২ এপ্রিল) সকালে বাংলানিউজকে এসব বিষয় জানান নগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (উত্তর বিভাগ) জয়নুল আবেদীন।তিনি বলেন, রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় আমাদের দায়িত্বও বেড়েছে। বড় গাড়ি ও ট্রাক চলাচলে বায়েজিদ লিংক রোড ব্যবহার করতে হবে। দূরপাল্লার বাস কোনভাবেই দিনে শহরে ঢুকতে পারবে না। রাতেই গাড়িগুলো ছাড়বে।
তিনি আরও বলেন, রমজান উপলক্ষে ৬০ জন অতিরিক্ত জনবল বাড়ানো হবে। তারা ট্রাফিক পুলিশকে সহায়তা করবেন। পার্কিং ব্যবস্থাপনা ও যানজট নিরসনে সবগুলো মার্কেটে ট্রাফিকের জনবল থাকবে। এছাড়াও মার্কেট মালিকদের সঙ্গে আমরা বৈঠক করেছি। কিভাবে পার্কিং ব্যবস্থা সহজ করা যায় সে বিষয়ে জেনেছি।
দশ রমজান থেকে অতিরিক্ত জনবল কাজ শুরু করবে। রমজানের শেষ দিকে অর্থাৎ ২৬ রমজানের পরে বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত জনবল রাখা হবে, যাতে যাত্রীরা ভালোমতো বাড়ি পৌঁছাতে পারে’ বলেন তিনি।

