শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ যাত্রীর ব্যাগেজ থেকে ৮ লাখ ৮০ হাজার শলাকা সিগারেট (৪৪০ কার্টন) ও ৩০০ পিস ড্রাই টোবাকো জব্দ করা হয়েছে। যার ফলে ১৩ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিয়েছে কাস্টমস কর্মকর্তারা। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস টিম সিগারেটগুলো জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভি।
তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শারজাহ থেকে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি-৯৫২২ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসা ২ যাত্রীর ব্যাগেজ থেকে ৪৪০ কার্টন ইজি ব্র্যান্ড, ড্রাই টোবাকো পাওয়া যায়।
এর মধ্যে মো. তৈয়বের কাছ থেকে ২৪০ কার্টন ইজি ব্র্যান্ড ও ৪০ পিস ড্রাই টোবাকো, মো. হারুনুর রশীদের কাছে ২০০ কার্টন ইজি ব্র্যান্ড ও ২৫০ পিস ড্রাই টোবাকো পাওয়া যায়। এসব সিগারেট রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়েছে।

