নগরীর চান্দগাঁও থানা পুলিশের হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় চান্দগাঁও থানার ওসিসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার প্রায় ২ মাস পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হাতে গ্রেফতার মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে ৩ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে গ্রেফতার জসিমের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গ্রেফতার জসিম পুলিশ হেফাজতে নির্যাতন মামলার ৬ নং আসামি।
এই মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম পিবিআই মেট্রোর ইনচার্জ পুলিশ সুপার নাঈমা সুলতানা। বিষয়টি নিশ্চিত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো পরিদর্শক ইলিয়াস খান বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
পিবিআইয়ের পক্ষে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়, আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত আক্টোবরের ১৩ তারিখ চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম, একই থানার পরিদর্শক (তদন্ত) মো. মবিনুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইউসফ, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা, চান্দগাঁও এক কিলোমিটার এলাকার বাসিন্দা এস এম আসাদুজ্জামান, একই এলাকার যুবলীগ কর্মী মো. জসীম উদ্দিন, মো. লিটন, রনি আক্তার তানিয়া ও কলি আক্তারসহ মোট ৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে নিহতের স্ত্রী ফৌজিয়া আনোয়ার বাদী হয়ে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন ২০১৩-এর ১৫(২) ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলার আবেদন করা হলে আদালত মামলা গ্রহণ করে এজাহার হিসেবে গণ্য করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন এবং একই সঙ্গে মামলাটি তদন্তের আদেশ দেন পিবিআই চট্টগ্রাম মেট্রোকে।

