বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ আজ মোট ২০ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে টানেলসহ ১৭টি প্রকল্পের ফলক উন্মোচন করে উদ্বোধন করবেন। তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পর টানেলের আনোয়ারা প্রান্তে ইপিজেড মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। সেখানে অন্য প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এবারের সফরসূচিতে যে প্রকল্পের উদ্বোধন করবেন সেগুলোর মধ্যে রয়েছে– চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স, জেলা পরিষদ টাওয়ার, রাঙ্গুনিয়া ও আনোয়ারা জেলা পরিষদ ডাকবাংলো, পটিয়ায় শেখ কামাল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল, রাউজানে শেখ কামাল কমপ্লেক্স, আগ্রাবাদে সিজিএস কলোনিতে ৯টি বহুতল আবাসিক ভবন, বিমানবন্দরে বঙ্গবন্ধু ম্যুরাল, শিকলবাহা খালের ওপর পিসি গার্ডার ব্রিজ, ডিসি পার্ক, হাজার বছরের নৌকা জাদুঘর, ১৯১টি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র, স্মার্ট স্কুল বাস সার্ভিস ও পর্যটক বাস, রিভার ক্রুজ ও ফুল ডে ট্যুর সংবলিত পর্যটন সেবা, বার্ডস পার্ক ও চিড়িয়াখানার আধুনিকীকরণ।
যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলো হলো– চট্টগ্রামে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ, বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু টানেল পর্যন্ত শেখ হাসিনা সড়ক ও সিমেন্স হোস্টেল কমপ্লেক্স ভবন নির্মাণ।

