চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় বসতবাড়িতে চুরির অভিযোগে গৃহপরিচারিকা শারমিন আক্তার কলি (২২) ও তার প্রেমিক মনির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) রাতে সীতাকুন্ড উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শারমিন আক্তার কলি ও মনির উদ্দিন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা।
কোতায়ালি জোনের সহকারী কমিশনার অতনু চক্তবর্তী বলেন, ‘গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) অভিযোগকারী এক গৃহকর্ত্রী ঘরে গৃহকর্মী কলি ও তার অসুস্থ শাশুড়িকে বাসায় রেখে সন্তানদের নিয়ে হাঁটতে বের হন। পরে ঘরে এসে কলিকে না পেয়ে তার নম্বরে কল দিলে বন্ধ পান তিনি। এরপর রুমে ডুকে তিনি দেখেন আলমারিতে রাখা তার সব সোনার গয়না চুরি হয়ে গেছে। এ ঘটনায় পর দিন তিনি সদরঘাট থানায় একটি চুরির মামলা করেন।’
তিনি আরও বলেন, ‘মামলার পর পরই পুলিশ মাঠে নামে। যেহেতু ওই গৃহকর্মীর বাড়ি মহেশখালীতে তাই আমরা প্রথমে ওইখানে যোগাযোগ করি। কিন্তু ওখানকার পুলিশ আমাদের ইনফরমেশন দেয় যে, সেখানে সে নেই। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ও তার প্রেমিককে একই বাসা থেকে গ্রেফতার করি।’
সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রাব্বানি বলেন, ‘কলি অনেকদিন ধরেই ওই বাসায় কাজ করছিল। প্রায় চার থেকে পাঁচ বছর। বাসার সবাই তাকে অনেক বিশ্বাস করতো। তাই সে জানতো কোথায় টাকা ও সোনার গহনা ছিল। আমাদের কাছে অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই অভিযানে নেমে পড়ি। এরপর সীতাকুন্ড থেকে তাদের গ্রেপ্তার করি।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলি জানিয়েছে মোবাইলেই তার মনিরের সঙ্গে পরিচয়। এর পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মনির পেশায় ড্রাইভার। চুরি করে সে প্রেমিক মনিরের কাছে চলে যায়। মনির তার পাশেই কলিকে একটি ব্যাচেলর রুম ঠিক করে দেয়। এ ঘটনায় দু’জনরই যোগসাজশ রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

