মিষ্টির ওজনে কারচুপি করার অভিযোগে নগরের কোতয়ালী এলাকায় ফুলকলি সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার নগরের কোতয়ালী এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন হক। তিনি বলেন, একজন ভোক্তার কাছ থেকে মিষ্টি ওজনে কম দেয়ার অভিযোগ পেয়ে আমরা ফুলকলি সুইটসে অভিযান চালাই। আমরা অভিযোগের প্রমাণও পেয়েছি। তাই প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নগরের ফিরিঙ্গিবাজার এলাকায় ডাবের দোকানেও আমরা তদারকি করেছি। এ সময় প্রায় প্রতিটি দোকানেই মূল্য তালিকা ও ভাউচার প্রদর্শন করতে দেখা যায়।
এর আগে, গত ৩০ আগস্ট নগরের বাকলিয়া এলাকায় ফুলকলির খাবার তৈরির কারখানায় অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সেদিন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদে কারচুপি, খাবারে নিম্নমানের কাঁচামাল ব্যবহার ও লেভেলিং প্রবিধানমালা লঙ্ঘন করায় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

