চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে তিন বছরের শিশুসহ এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইপিজেড থানা সংলগ্ন ব্যাংক কলোনির শাহ আলম কন্ট্রাক্টরের ভবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।
আত্মহত্যা করা ওই গৃহবধূর নাম শাহনাজ বেগম (২৩) এবং মেয়ে সাবেকুন নাহার ইভা (৩)। স্বামী-স্ত্রী দুজনের গার্মেন্টসে চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। মঙ্গলবার সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী গার্মেন্টসে চলে যান। এরপর প্রথমে মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করেন মা। পরে নিজেই একই দড়িতে ঝুলে আত্মহত্যা করেন। ময়নাতদন্তের জন্য মা-মেয়ের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

