চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় ওয়ালটনের গোডাউনে চুরির ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- মো. পারভেজ (৩৫), সালাউদ্দিন (৩০), আরাফাত (৩০)।
সোমবার (৩১ জানুয়ারি) রাতে বায়েজিদ ও চান্দগাঁও থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র ঘোষ জানান, গত ২৪ জানুয়ারি রাত ১০টায় বাদুরতলা আরকান রোডে ওয়ালটনের একটি গোডাউন থেকে সিঁধ কেটে ২৫টি ওয়ালটন এলইডি টিভি, ১২টি ওয়ালটন ফ্রিজ চুরি করে দুর্বৃত্তরা। যার মূল্য ১৪ লাখ টাকা। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা রুজু হয়।
তদন্তে নেমে পুলিশ গতকাল চান্দগাঁও ও বায়েজিদ এলাকা থেকে অভিযান চালিয়ে ৩ যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে ৩টি টিভি, ৬টি ওয়ালটনের ফ্রিজ ও চুরির কাজে ব্যবহৃত একটি টেম্পু জব্দ করা হয়। উদ্ধার মালামালের মূল্য ৯ লাখ টাকা বলে জানান তিনি। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

