‘এই বাড়িটা স্মৃতিসত্তা, জাতির জাদুঘর… এই বাড়িতে জাতির পিতা আছেন মুজিবর। এই বাড়িটা তোমার আমার আত্মপরিচয়, এই বাড়িটা বঙ্গবন্ধু, জাতির হিমালয়… ’ মঞ্চে শিল্পীদের কন্ঠে সমবেত ‘বত্রিশ নম্বর’ কবিতার দৃপ্ত উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় ‘তারুণ্যের কন্ঠে মৃত্যুঞ্জয়ীর কবিতা’ শিরোনামের আবৃত্তি অনুষ্ঠান।
শনিবার ১৯ আগস্ট ২০২৩ সন্ধ্যায় শিল্পকলা মিলনায়তনে আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত আবৃত্তি, কবিতাপাঠ ও শিশুদের পরিবেশনা নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
সন্ধ্যা ৬.৩০টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর ছিল ‘তারুণ্যের বঙ্গবন্ধু’ শিরোনামের কথামালা পর্ব। এতে অতিথি ছিলেন শিশুসাহিত্যিক আফম মোদাচ্ছের আলী, দৃষ্টি চট্টগ্রাম সভাপতি সাইফ চৌধুরী এবং কবি ও সংগঠক মনিরুল মনির। তারুণ্যের উচ্ছ্বাস সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তলাপাত্র।
এরপর অনুষ্ঠানের কবিতাপাঠ পর্বে অংশ নেন কবি নিশাত হাসিনা শিরিন এবং আলী প্রয়াস।
আবৃত্তিশিল্পী সাফা মারওয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে তারুণ্যের উচ্ছ্বাস পরিচালিত আবৃত্তি কর্মশালার ২৭তম আবর্তনের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আমার পরিচয় শিরোনাম পর্বে একক ও বৃন্দ আবৃত্তিতে অংশ নেন মুক্তা চৌধুরী, হৈমন্তী ধর, লোপামুদ্রা দেবনাথ, রিংকু ভট্টাচার্য ও সাবিরা নূরজাহান।
তারুণ্যের উচ্ছ্বাস এবং চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের নির্বাচিত শিল্পীদের অংশগ্রহণে ‘মৃত্যুঞ্জয়ীর কবিতা’ শিরোনামের পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন এ.এস. এম এরফান (উচ্চারক আবৃত্তি কুঞ্জ), বর্ষা চৌধুরী (প্রহর), সুমাইয়া ইসলাম (দৃষ্টি চট্টগ্রাম), মৃন্ময়ী দাশ (প্রমিতি সাংস্কৃতিক একাডেমি), মো মজিবুল্লাহ (একুশ আবৃত্তি চর্চা কেন্দ্র), নিশি চৌধুরী (বোধন আবৃত্তি পরিষদ) এবং তারুণ্যের উচ্ছ্বাসের সুস্মিতা দত্ত, রবি ভৌমিক ও সোহেল রানা।
বৃন্দ পরিবেশনায় ছিলো শিশুদের অংশগ্রহণে ছিল কবি কামাল চৌধুরীর রচনা ও কারিশমা কবিরের নির্দেশনায় ‘বত্রিশ নম্বর’ শিরোনামের দলীয় পরিবেশনা, তারুণ্যের উচ্ছ্বাসের বড়দের বিভাগের পরিবেশনায় বৃন্দ “হে মহাসাগর’ এবং কর্মশালার প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় ” ডাকিছে তোমারে”।

