কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি। দিনভর তল্লাশী করেও হদিস না পাওয়ায় সন্ধ্যা ৬টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও নৌ-বাহিনীর ডুবুরি দল। রোববার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে তল্লাশি অভিযান শেষ হয় সন্ধ্যা ৬টায়।
জানা যায়, সকালে সদরঘাটের আনু মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে গিয়ে নদীর ঘূর্ণনের মধ্যে পড়ে যায় তিন জেলে। তাদের মধ্যে তপন দাস ও সমীর দাস নদীতে নিখোঁজ হয়। অন্যদিকে সজীব দাস সাঁতরে তীরে উঠে আসে।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চট্টগ্রাম আগ্রাবাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল, সদর ঘাট নৌ-পুলিশ এবং নৌ-বাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম দিনে বাবা-ছেলেকে না পেয়ে আজকের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোল্লা সেকান্দর আলী বলেন, ‘সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। আমরা এখনো তাদের সন্ধান পায়নি। আজকের মতো অভিযান সমাপ্ত করা হয়েছে। সোমবার সকালে আবারো অভিযান পরিচালনা করা হবে।’

