চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে খুনের শিকার অমিত মুহুরী হত্যা মামলায় একমাত্র আসামি রিপন নাথের বিরুদ্ধে চার্জগঠন করেছে আদালত।
রোববার দুপুরে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়া আসামি রিপন নাথের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়ে আগামী ১৫ মার্চ থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করে এ আদালতের অতিরিক্ত পিপি অনুপম চক্রবর্তী জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে খুনের শিকার অমিত মুহুরি খুনের একমাত্র আসামি রিপন নাথের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এর আগে আসামি রিপন নাথকে আদালতে হাজির করে কারা কতৃপক্ষ।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৫ জুলাই রিপন নাথের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। একই বছরের ১ সেপ্টেম্বর বিচারক তা আমলে নেন। এর আগে ১ সেপ্টেম্বর মামলাটি চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি হয় আসে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৯ মে রাত ১১টায় চট্টগ্রাম কারাগারের ৩২ সেলের সুরক্ষিত ৬ নম্বর কক্ষে ঘুমের মধ্যে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে মাথা থেঁতলে কারাবন্দি অমিত মুহুরীকে খুন করেন আরেক বন্দি রিপন নাথ। পরদিন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ রিপনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্তের দায়িত্ব পান মহানগর ডিবি পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ। তদন্ত শেষে ২০২১ সালের ২৫ জুলাই রিপন নাথের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারার কোতোয়ালী থানার একটি মামলায় (নং ৪৬ (৮) ১৭) চট্টগ্রাম কারাগারে যান অমিত মুহুরী। সেখানে থাকা অবস্থায় তাকে আরও ১৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অমিত কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকার গোলাপ সিং লেইনের অরুণ মুহুরীর ছেলে। একই সময় অস্ত্র আইনের কয়েকটি ধারার পাহাড়তলী থানার একটি মামলায় রিপন নাথ সেখানে ছিলেন। তিনি সীতাকুÐের হেমন্ত সরকার বাড়ির নারায়ন নাথের ছেলে।

