কক্সবাজারের নব গঠিত ঈদগাঁও উপজেলার তিন বিদ্যালয়ে ছাব্বিশ শতের ঊর্ধ্বে শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়েছে। ২৫ জানুয়ারি (মঙ্গলবার) মাস্ক পরিধান, তাপমাত্রা মেপে ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে ১২ থেকে ১৮ বছর বয়সি ছাত্র-ছাত্রীদের ফাইজার-বায়ো এন টেকের এই টিকা প্রদান করা হয়।
করোনা প্রতিরোধে কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ এ কার্যক্রম বাস্তবায়ন করছে। দিনব্যাপী তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয় বলে জানান কেন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত।
কোভিড-১৯ গাইডলাইন এবং স্বাস্থ্যবিধি পালন করে টিকা নিতে শিক্ষার্থীরা লাইনে দাঁড়ায়। টিকা প্রদান শুরু কালে জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, কক্সবাজার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন এবং জেলা শিক্ষক সমিতির সভাপতি হোসাইনুল ইসলাম মাতবর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে কেন্দ্রের টিকা কার্যক্রম পরিদর্শন করতে আসেন কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলী এহসানসহ অন্য এক কর্মকর্তা। কর্মরত সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তার জানান, আগামী ২৯ জানুয়ারি এ কেন্দ্রে নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন জানান, তার বিদ্যালয়ের ১৬০৬ শিক্ষার্থীকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের (কেজি স্কুল) সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার জানান, তাদের বিদ্যালয়ের ১২০০ জন শিক্ষার্থীকে টিকা প্রদানের ব্যবস্থা নেয়া হয়েছিল।
আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে ঈদগাঁও থানা পুলিশের এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একটি টিম। পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম শুরু হয় দুপুর ১.৪০ মিনিটে থেকে।

