প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানিয়েছেন দেশে ১৭ জানুয়ারি, ২০২২ পর্যন্ত ৭ লাখ ৪১ হাজার ২৬৫ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম (টিটু) এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
এ সময় শেখ হাসিনা বলেন, ‘বিশ্বজুড়ে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর পরই সংক্রমণ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা হিসেবে বিনামূল্যে টিকা প্রদানের বিষয়টি আমার সরকার অগ্রাধিকার দিয়েছে। করোনার শুরুতে করোনার টিকা আবিষ্কার ও ব্যবহারের অনুমতি পাওয়ার আগে থেকেই টিকা সংগ্রহ ও টিকা দেওয়ার বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছিল। তারই ফলস্বরূপ দেশব্যাপী ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে কোভিড বিনামূল্যে টিকা কার্যক্রম শুরু হয় এবং অদ্যাবধি অব্যাহত রয়েছে।’
প্রধানমন্ত্রী আরো জানান , ১৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত দেশব্যাপী ৮ কোটি ৯১ লাখ ৬৩ হাজার ৯৭৮ জনকে প্রথম ডোজ এবং ৫ কোটি ৭০ লাখ ২০ হাজার ৮৩৪ জনকে দ্বিতীয় ডোজসহ সর্বমোট ১৪ কোটি ৬১ লাখ ৮৪ হাজার ৮১২ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের পর যাদের ৬ (ছয়) মাস অতিক্রান্ত হয়েছে, তাদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। প্রথমে যাদেও বয়স ষাট বছরের উপরে তাদেও বুষ্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও পরবর্তীতে বয়স সীমা কমিয়ে পঞ্চাশের ঘরে আনা হয়।
মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা ও সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে সরকার দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে বর্তমানে দেশব্যাপী প্রায় ৭১৮টি স্থায়ী কেন্দ্রে, ৬ হাজার ৫৮টি অস্থায়ী/ক্যাম্পেইন কেন্দ্রে এবং ১৩ হাজার ৯৬৭টি কমিউনিটি ক্লিনিকে (ক্যাম্পেইন চলাকালে) কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।

