বান্দরবানের রুমার উপজেলার রুমা-বগালেকে সড়কে দুই ট্রাকের সংঘর্ষে ৪ নারীসহ ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আজ সোমবার (২০ মার্চ) দুপুরে বগালেক সড়কের ১৭ কিলো এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুপুরে রুমা বাজার থেকে একটি ট্রাক বগালেক যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ঝিরিতে পড়ে গেলে ঘটনাস্থলেই ৪ নারী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের মধ্যে ৬ জনকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তবে বান্দরবান জেলা পরিষদের সদস্য জুয়েল বম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

