চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িতে বহুতল ভবন ভিআইপি টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, ভিআইপি টাওয়ারের প্রধান ফটকে বাঁশের খুঁটির সাথে চট লাগিয়ে দ্বিতীয় তলায় মেরামতের কাজ চলছিল। সেখানে গ্যাস দিয়ে ঝালাইয়ের কাজ করার সময় চটে আগুন ধরে। পরে তা ভবনে ছড়িয়ে পড়ে। এসময় ভবন বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পুড়ে যায় টাওয়ারের ডিস, ইন্টারনেট ও বিদ্যুতের তার। এসময় আলমাস সিনেমা হল মোড় থেকে কাজীর দেউড়ির মোড় পর্যন্ত কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে।
আগুন লাগার ১৫ মিনিট পর নগরীর নন্দনকানন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। অবশ্য তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে নন্দনকানন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আব্দুল মোত্তালেব বলেন, ভিআইপি টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে।

