রাজশাহীর গণসমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (৩ ডিসেম্বর) ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় টুকুর সঙ্গে থাকা যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়।
সাদা পোশাকে থাকা ব্যক্তিরা তাদের আটক করেছে বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।
পরে ডিবি স্বীকার করে তারা টুকুকে গ্রেপ্তার করেছে।
এদিকে তাদের আটকের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার আমাদের ১০ ডিসেম্বর গণসমাবেশকে কেন্দ্র করে হিংস্র হয়ে গেছে। এই সরকারের অত্যাচার এবং অবিচার এমন পর্যায়ে চলে গেছে তা থেকে দেশবাসীকে মুক্ত করতে হলে প্রয়োজন একটি গণঅভ্যূথান।
এ সময় রিজভী অবিলম্বে টুকুসহ আটক নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
ইমা

