দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
শনিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গায় অবস্থিত ওই তেল শোধনাগারে পাইপ লাইনে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রিফাইনারি।
ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ জানান, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নেভানো হয়েছে। ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিল। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।

