চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬ হাজার ৬০০ লিটার চোরাই জ্বালানি তেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বুধবার র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার ফৌজদারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর থানার নারিকেল বাড়িয়ার মৃত আব্দুল গণির ছেলে মো. রাজিব হোসেন (২২) ও লক্ষ্মীপুর জেলার রামগতি থানার শিক্ষাগ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির (২৬)।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ফৌজদারহাট এলাকার পাকা রাস্তায় কয়েকজন চোরাকারবারি চোরাই জ্বালানি তেল কেনা-বেচা করছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। অভিযানে তেল বহনকারী দুটি ট্রাকসহ ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাক দুটি থেকে মোট ৩৩টি তেলের ড্রামে সংরক্ষিত ৬ হাজার ৬০০ লিটার তেল জব্দ করে র্যাব।
তিনি আরও বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবত চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছে। উদ্ধার করা জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা ধারণা করছেন এর পেছনের আরও বড় চক্র রয়েছে। বড় কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীদের যোগসাজশ ছাড়া জ্বালানি তেল চুরি করে বিক্রি করা সম্ভব না।

