চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টাার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। ১৭ আগস্ট বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. ইমরান হোসেন ওরফে লাবু (৪৭), মো. জুবায়ের ইসলাম ইমতিয়াজ (২১) এবং মো. জাফর ইকবাল মাসুম (২০)। তাদের মধ্যে লাবুর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ৬টি এবং মাসুমের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে।
ওসি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদে খবর পাওয়া যায় সিআরবি কাঠের বাংলোর নিচে রাস্তার উপর অন্ধকার স্থানে ৯-১০ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সাড়ে ৭টার দিকে ৩ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬-৭ জন ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, গ্রেফতারকৃতরা সিআরবি হতে টাইগারপাস, টাইগারপাস হতে পলোগ্রাউন্ডমুখী পথচারী, টাইগারপাস হতে সিআরবি কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করার প্রস্তুতি নিয়ে অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি আইনে মামলা হয়েছে।

