আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে পৃথিবীর কোনো দেশে সরকার পতন আন্দোলন না হলেও বাংলাদেশে অযৌক্তিকভাবে বিরোধী দলগুলো আন্দোলনে মাঠে নেমেছে। এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলগুলোর সহায়তা চেয়েছিল সরকার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী বেপরোয়া ড্রাইভারদের মতো বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন কাদের।
শনিবার (১৩ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, সংকটের সময় দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য ও ক্ষমতার দাপট সমীচীন নয়। নেতাকর্মীদের আরো দায়িত্বশীল কথাবার্তা পরামর্শও দিয়ে তিনি বলেন, তবে বিদেশী শক্তির কাছে মাথানত করার দল আওয়ামী লীগ নয়। বিএনপি আবারো আগুন সন্ত্রাস নিয়ে আসলে জনতার প্রতিরোধ, সুনামিতে পরিণত হবে বলেও হুঁশিয়ারি দেন ওবাদয়দুল কাদের। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

