মীরসরাইয়ের নিজামপুর এলাকায় লরিচাপায় এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন । মৃত শিক্ষার্থীর নাম মিশু রানী দেবী পলি (১৮)।নিহত মিশু মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সূর্য মোহন দেব নাথের মেয়ে। তিনি নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসা শাখার ছাত্রী।
মঙ্গলবার(২ আগস্ট) সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার বলেন, সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি দ্রুতগামী লরি কলেজছাত্রী মিশু রানীকে ধাক্কা দেয়। এতে মিশু রানী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছি।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ লরিসহ চালক শাহজাহান শেখ (৪৯) ও চালকের সহকারী মো. লিমনকে আটক করেছে। আটক ব্যক্তিদের হাইওয়ে পুলিশের কাছে সপোর্দ করা হয়েছে।
ইমা

